ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কেন্দ্রের চারশ’ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে সাধারণ মানুষ ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন কি না এ বিষয়ে এখনও কোন স্পষ্ট নির্দেশনা দেয়নি ইসি।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, ভোটকেন্দ্রের চারশ’ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। তবে এখনো এ বিষয়ে নতুন সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে জানানো হবে।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণের দিন সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রের ভেতরে মোবাইল ফোন বহন করতে পারবেন।
এর আগে নির্বাচন কমিশন ভোটগ্রহণের দিন ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন বহন ও ব্যবহার নিষিদ্ধ করে একটি নির্দেশনা জারি করে।
বিষয়টি নিয়ে তাৎক্ষণিক প্রতিবাদ জানায় জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সাংবাদিক সংগঠন।
আই/এ