নাটোরের গুরুদাসপুরে অগ্নিকাণ্ডে মা-মেয়ে নিহত হয়েছেন। এসময় দগ্ধ হয়েছে আরও দুইজন। নিহতরা হলেন-ওই এলাকার ঝান্টু প্রমাণিকের স্ত্রী আতিয়া খাতুন (২৩) ও তার মেয়ে রওজা খাতুন (১)।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া গ্রামের রান্টুর বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুদাসপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী জানান, গোয়ালঘরে রাখা কয়েল থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়। প্রতিবেশীদের চিৎকার-চেঁচামিচিতে ক্ষতিগ্রস্তদের ঘুম ভাঙে। এ সময় রান্টুর স্ত্রী আতিয়া দুই সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন। বড় ছেলে এলাহীকে প্রথমে টেনে বের করে আনতে সক্ষম হলেও ছোট মেয়ে রওজাকে রক্ষা করতে গিয়ে ছড়িয়ে পড়া আগুন থেকে বাঁচতে খাটের নিচে আশ্রয় নেন। সেখানেই মা-মেয়ের মৃত্যু হয়।
এ ঘটনায় দগ্ধ রন্টু মিয়া ও তার মা মনেকা বেগমকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখানে মনেকা বেগমের শরীরের বড় অংশ পুড়ে যাওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গুরুদাসপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আতাউর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
আই/এ