জাতীয়

ভোটের প্রস্তুতি সম্পন্ন, ২৯৯ আসনে পৌঁছে গেছে সব ব্যালট

বায়ান্ন প্রতিবেদন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯টি আসনে ভোটের জন্য সব ব্যালট পৌঁছে গেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য নিশ্চিত করেন। আখতার আহমেদ বলেন, “দায়িত্ব গ্রহণের পর থেকেই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। শতভাগ শুদ্ধ ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব হয়নি এবং নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চ্যালেঞ্জ ছিল। তবে সব আসনে ব্যালট পৌঁছে গেছে এবং ভোটগ্রহণের প্রস্তুতি সম্পন্ন।”

তিনি আরও জানান, মোবাইল ফোন নিয়ে ভোট কেন্দ্রে যাওয়া সংক্রান্ত প্রজ্ঞাপন আজ প্রত্যাহার করা হবে। ভোট গণনার ক্ষেত্রে পোস্টাল ব্যালটের গণনা সময়সাপেক্ষ হলেও কোনো অবস্থাতেই ভোট গণনায় অতিরিক্ত বিলম্ব হবে না।

উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচনে মোট ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইসি সচিব #নির্বাচন #ব্যালট