ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সুহিলপুর ইউনিয়ন পরিষদ মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়। ব্রিগেডিয়ার জেনারেল মেহেদী হাসান চৌধুরীর নেতৃত্বে মহড়ায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।
মহড়ায় একটি ভোটকেন্দ্রের কাল্পনিক পরিস্থিতি তুলে ধরা হয়। সেখানে দেখানো হয়—ভোটাররা নির্বিঘ্নে ভোট দিচ্ছেন, এমন সময় হঠাৎ একদল সন্ত্রাসী অবৈধভাবে কেন্দ্রটি দখলের চেষ্টা চালায়। তারা ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টি করে এবং প্রিজাইডিং কর্মকর্তাকে জিম্মি করে ফেলে। খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান চালান।
এ সময় সেনাবাহিনীর সদস্যরা এপিসি যানসহ সশস্ত্র অবস্থানে থেকে কেন্দ্র ঘিরে ফেলে এবং স্বল্প সময়ের মধ্যেই সন্ত্রাসীদের নিস্ক্রিয় করে ভোটকেন্দ্রের পরিবেশ স্বাভাবিক করেন। অভিযান চলাকালে আহত সেনা সদস্যসহ অন্যদের উদ্ধারে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালায়—এমন দৃশ্যও মহড়ায় প্রদর্শন করা হয়।
প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনে মোট ৮০৫টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৫৭৪টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে।
এমএ//