কুমিল্লা–৪ (দেবীদ্বার) আসনে ঋণখেলাপীর দায়ে প্রার্থিতা বাতিল হওয়া মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও সংগঠনবিরোধী বক্তব্য এবং কার্যকলাপের কারণে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মঞ্জুরুল আহসান মুন্সীকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে দুপুরে মঞ্জুরুল আহসান মুন্সীর একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়— “যদি ক্ষমতায় বিএনপি থাকে, আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না। প্রয়োজনে তাদের ঘরবাড়ি পোড়াইয়া সব ছারখার করে দেব। আমি কিন্তু কথাটা খুব পরিষ্কারভাবে বলতাছি। এটা মনে কইরেন না আমি ভয় দেখাচ্ছি। আমি পরিষ্কার করে বলতেছি—এটা পারলে রেকর্ড করে ফেসবুকে ছাইড়া দিতে পারেন, আমার কোনো অসুবিধা নেই।”
ভিডিওতে তাকে আরও বলতে শোনা যায়, “সুতরাং আমাকে যেন অপমানিত না হতে হয়। আমি যদি অপমানিত হই, সেই অপমানের শোধ আমি ওইভাবে নেব কিন্তু। ঠিক আছে না? আপনারা কি আমাকে অপমানিত হইতে দেবেন?” এ সময় উপস্থিত লোকজন ‘না’ বলে জবাব দেন।
গতকাল সোমবার রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাকসার গ্রামে ট্রাক প্রতীকের পক্ষে আয়োজিত এক উঠান বৈঠকে এসব হুমকি দেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী। প্রায় দুই মিনিটের ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা–সমালোচনা শুরু হয়।
এমএ//