কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের একটি স্কুলে গুলিবর্ষণের ঘটনায় হামলাকারীসহ মোট ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কানাডার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কানাডিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (সিবিসি) পুলিশ সূত্রের বরাতে জানায়, টাম্বলার রিজ এলাকার একটি উচ্চ বিদ্যালয়ের ভেতরে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
সিবিসির প্রতিবেদনে বলা হয়, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা একটি বাড়ি থেকে অতিরিক্ত দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আরসিএমপি জানিয়েছে, টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে ‘সক্রিয় হামলাকারী’ জড়িত ছিল। সন্দেহভাজন হামলাকারীকেও মৃত অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে আত্মহত্যা করেছে।
পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, গুরুতর বা আশঙ্কাজনক অবস্থায় দুজনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া প্রায় ২৫ জনকে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়, যাদের আঘাত জীবন সংকটাপন্ন নয়।
এই ঘটনার পর স্কুলের সব শিক্ষার্থী ও কর্মীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য আইনশৃঙ্খলা বাহিনী স্কুল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং শিগগিরই বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
এমএ//