শেরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় রোকনুজ্জান রুকন (৩১) নামে এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নিহত হয়েছেন। একই ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর–জামালপুর আঞ্চলিক সড়কের চরপক্ষীমারী ইউনিয়নের শিমুলতলী এলাকায় একটি মিনি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত রোকনুজ্জান রুকন শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের এনভায়রনমেন্ট টেকনোলজি বিভাগের জুনিয়র ইন্সট্রাক্টর ছিলেন। আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তার বাড়ি জামালপুরের সরিষাবাড়ি উপজেলায়।
দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রুকনকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট ভাই রবিন জানান, গেল সোমবার পারিবারিক কাজে নিহত রুকন বাড়িতে গিয়েছিলেন। বুধবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে নির্বাচনি দায়িত্ব পালনের উদ্দেশে বাড়ি থেকে বের হন। শেরপুরে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
শেরপুর সদর উপজেলার ইউএনও ও শেরপুর-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুবা হক বলেন, সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তিনি কোন কেন্দ্রে দায়িত্বে ছিলেন, সেই তথ্য সংগ্রহ করা হচ্ছে। সংশ্লিষ্ট কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য অন্য একজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হবে। প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
এমএ//