গোপালগঞ্জ সদরের একটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালীন ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনায় দুই আনসার সদস্য এবং একজন ভোটারের সঙ্গে থাকা ১৩ বছর বয়সী একটি শিশু আহত হয়েছেন। এছাড়া কেন্দ্রের মূল ফটকও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সদর উপজেলার রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।। আহতরা হলেন কেন্দ্র দায়িত্বরত আনসার সদস্য সুকন্ঠ মজুমদার এবং সেকশন কমান্ডার জামাল হোসেন। এছাড়া একজন ভোটারের সঙ্গে আসা আমেনা খানম নামের ১৩ বছর বয়সী শিশুও আহত হয়েছে।
ভোটকেন্দ্রে দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, সকাল ৯টার দিকে রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। এ সময় দুর্বৃত্তরা ভোটকেন্দ্র লক্ষ্য করে বাইরে খালের ওপার থেকে ককটেল ছুড়ে মারে। এতে ভোটকেন্দ্রে দায়িত্বরত দুই আনসার সদস্যসহ তিনজন আহত হয়েছে। এছাড়া বিকট শব্দে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। আমরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি।
এসি//