শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, রাতে কিশোরদের রাস্তায় অযাচিত ঘোরাঘুরি বন্ধ করতে হবে। এখন রাতে রাস্তায় ঘুরলে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে। এতে সাংবিধানিক বিধান ভঙ্গ হলে সেটি আমরা পরে দেখব।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নিজ নির্বাচনী এলাকা চাঁদপুরের কচুয়ায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দুর্নীতিমুক্ত না থাকতে পারলে বদলি হয়ে অন্যত্র চলে যান। তিনি নিজে জীবনে দুর্নীতি করবেন না, কাউকে দুর্নীতি করতে দেবন না, এটিই তার প্রতিজ্ঞা।
তিনি বলেন, কচুয়াসহ সারা দেশে কিশোর গ্যাং দমন করতে হবে এবং বাজারগুলোতে চাঁদাবাজি বন্ধ করতে নজরদারি জোরদার করতে হবে। বাজার ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি, বিশেষ করে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।
জনগণের ভালোবাসা ও আস্থাই বারবার এই আসনে নির্বাচিত করেছে। কচুয়ার মানুষ তার প্রতি যে আন্তরিক ভালোবাসা ও সমর্থন দেখিয়েছেন, সে জন্য শিক্ষামন্ত্রী বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার, পুলিশ সুপার রবিউল হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আই/এ