আন্তর্জাতিক

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে চালানো এই অভিযানে অন্তত ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বহু মানুষ।

রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক ধারাবাহিক হামলার সঙ্গে জড়িত সশস্ত্র গোষ্ঠীগুলোর ঘাঁটি লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। এসব হামলার মধ্যে ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনাও রয়েছে।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ হামলার কড়া নিন্দা জানিয়ে দাবি করেছে, নানগারহার ও পাকতিকা প্রদেশে একটি ধর্মীয় বিদ্যালয় ও আবাসিক এলাকায় বোমাবর্ষণ করা হয়েছে। এতে নারী ও শিশুসহ বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। আফগান সূত্রের বরাতে জানানো হয়েছে, নানগারহারে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। পাকতিকা প্রদেশের ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য এখনো নিশ্চিত নয়।

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। তাদের দাবি, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও সংশ্লিষ্ট গোষ্ঠীর সাতটি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। পাশাপাশি ইসলামিক স্টেট সংশ্লিষ্ট একটি শাখাকেও লক্ষ্যবস্তু করা হয়

ইসলামাবাদ আরও দাবি করেছে, রাজধানীসহ বিভিন্ন জেলায় সাম্প্রতিক হামলাগুলো আফগানিস্তানভিত্তিক নেতৃত্বের নির্দেশে হয়েছে—এমন প্রমাণ তাদের হাতে আছে। আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা ঠেকাতে কাবুলকে একাধিকবার অনুরোধ করা হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছে তারা।শ

অন্যদিকে আফগানিস্তান বলছে, এ হামলা আন্তর্জাতিক আইন ও সুপ্রতিবেশী সম্পর্কের পরিপন্থী। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, উপযুক্ত সময়ে এর জবাব দেওয়া হবে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #আফগানিস্তান #পাকিস্তান #পাকিস্তানের সামরিক বাহিনী