রাজধানীর চাঁনখারপুল এলাকায় নাহিদা আক্তার ববি (২৯) নামের এক নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৬ মার্চ) রাতে তার ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জের ধরেই তিনি আত্মহত্যা করেছেন।
চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) মো. কাউছার গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্বজনদের বরাতে জানা গেছে, নাহিদা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে কর্মরত ছিলেন। তার ফুফাতো ভাই ফরহাদ রহমান জানান, বেশ কিছুদিন ধরেই স্বামী ইলিয়াসের সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন চলছিল। নাহিদা প্রায়ই স্বামীর নির্যাতনের শিকার হতেন বলেও তিনি দাবি করেন। প্রায় এক বছর আগে স্বামীর বিরুদ্ধে মামলা করেছিলেন নাহিদা, যার জেরে ইলিয়াসকে কারাগারেও যেতে হয়। পরে কারামুক্তির পর উভয়ের মধ্যে আপস-মীমাংসা হলেও দাম্পত্য কলহ পুরোপুরি মেটেনি
স্বজনদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে আবারও তাদের মধ্যে ঝগড়া হয়। এরপর ইলিয়াস বাসা থেকে বেরিয়ে যান। পরে বাসায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় নাহিদার মরদেহ পাওয়া যায়। মৃত্যুর আগে লেখা একটি চিরকুটে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের অভিযোগও উল্লেখ করেছেন তিনি।
এসআই মো. কাউছার জানান, রাত ১১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ভবনের ছয়তলার ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে শোবার ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় নাহিদার মরদেহ ঝুলতে দেখা যায়।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এমএ//