অশ্রুসিক্ত চোখের জলে রকেট (বাঁশ ও বারুদ দিয়ে তৈরী) নিক্ষেপের মাধ্যমে অগ্নি সংযোগ, আলং নৃত্য, রথটান ও বর্নিল আতশবাজি সহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পটুয়াখালী কলাপাড়ায় শেষ হয়েছে রাখাইন সম্প্রদায়ের ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরোরের তিনদিন ব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়া ।
শনিবার (২৮ মার্চ) শেষ বিকালে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলীপাড়া গ্রামে অগ্নিসৎকারের মাধ্যমে এ উৎসবের সমাপ্ত হয়।
উৎসব উপলক্ষে বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার সহ দেশের বিভিন্ন জেলা থেকে আগমন ঘটে শত শত বৌদ্ধ ভিক্ষুসহ হাজারো রাখাইন নর-নারীর। অগ্নিসৎকারের সময় রাখাইন সম্প্রদায়সহ স্থানীয় হাজার হাজার উৎসুক জনতার উপস্থিতিতে জনসমুদ্রে পরিনত হয় বালিয়াতলি ইউনিয়ন এর রাখান পাড়া। সন্ধ্যার পরে বর্নিল সাজ সজ্জা ও আতশবাজি আলোর ঝলকানির মধ্য দিয়ে শেষ হয় আয়োজন।
তুলাতলীপাড়া গ্রামের উকোইন্দা মহাথেরো (৮৭) গত বছরের ১৭ ডিসেম্বর পরলোক গমন করেন। তিনি ৬৬ বছর বর্ষাবাস জীবন-যাপন করেন। মৃত্যুর পর ৯৯ দিন বিশেষ ব্যবস্থায় তার মরদেহ বিহারে রাখা হয়েছিলো।
আই/এ