চট্টগ্রামের বাঁশখালীতে মাকে গলা কেটে হত্যা মামলার প্রধান আসামি ছেলে ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন- বাঁশখালী উপজেলার পূর্ব বৈলছড়ি এলাকার মোজাফফর আহমেদের ছেলে মো. কাশেম (২৮) ও তার স্ত্রী নারগিছ আক্তার (২৫)।
বুধবার (১ এপ্রিল) দিবাগত রাতে চট্টগ্রাম র্যাব-৭ এবং র্যাব-১৫, কক্সবাজারের চকরিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। র্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, নিহত রেহেনা বেগম বড় ছেলে প্রবাসী মো. বেলাল, ছোট ছেলে কাশেম ও তার স্ত্রীর সঙ্গে বসবাস করতেন। বেলাল বিদেশ থেকে মায়ের চিকিৎসা ও ওষুধের জন্য স্ত্রীর মাধ্যমে কাশেমের কাছে টাকা পাঠাতেন। তবে কাশেম সেই টাকা মায়ের কাছে না দিয়ে নিজেই রেখে দিতেন। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে পারিবারিক বিরোধ লেগে থাকতো। এর জেরে গত বছরের কাশেম ও তার স্ত্রী নারগিছ মিলে রেহেনা বেগমকে গলা কেটে হত্যা করেন।
ঘটনার পর থেকে তারা আত্মগোপনে ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৫ জুন রাত ১০টা থেকে ৬ জুন সকাল ৬টার মধ্যে কোনও একসময় কাশেম ও তার স্ত্রী ধারালো দা দিয়ে রেহেনা বেগমের গলা কেটে হত্যা করে। হত্যার পর রক্তাক্ত কাপড়চোপড় ঘরের এক কোণে লুকিয়ে রাখা হয়। পরে পুলিশ ও নিহতের ভাতিজা একরাম তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে গত বছরের ৮ জুন বাঁশখালী থানায় হত্যা মামলা করেন।
পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে আসামীদের বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
আই/এ