বঙ্গোপসাগরে ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম হতে পারে ‘আকভান’। এর প্রভাবে আগামী ১৮ নভেম্বর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হয়েছে। রোববার সকাল ৬টায় এটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপে পরিণত হয়। পরবর্তী সময়ে উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
আবহাওয়ার প্রাথমিক গাণিতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে, নিম্নচাপটি আপাতত উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। সম্ভাব্য গতিপথে রয়েছে ভারতের অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গ। বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলও এর সম্ভাব্য গতিপথের মধ্যে রয়েছে। তবে শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়টি কোন দিকে অগ্রসর হবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে এই গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। নিম্নচাপের কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে।
এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ১৮ নভেম্বর থেকে দেশের বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির পর তাপমাত্রা কমে দেশের কোনো কোনো অঞ্চলে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহও অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে।
এসি//