বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ রুট হরমুজ প্রণালিতে বসানো সামুদ্রিক মাইন এখন খুঁজে পাচ্ছে না ইরান। এমনটাই দাবি করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১০ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মার্কিন কর্মকর্তাদের বরাতে নিউইয়র্ক টাইমস জানায়, হরমুজে মাইন বসানোর পর এখন সেগুলোর সঠিক অবস্থান নির্ধারণে সমস্যায় পড়েছে তেহরান। ফলে জাহাজ চলাচল স্বাভাবিক করা কঠিন হয়ে পড়েছে এবং মাইন অপসারণেও তারা সক্ষমতা সংকটে ভুগছে।
যুক্তরাষ্ট্রের দাবি, ইরান পরিকল্পনাহীনভাবে মাইন বসিয়েছে। অনেক ক্ষেত্রে কোথায় মাইন বসানো হয়েছে তার কোনো রেকর্ডই রাখা হয়নি। আবার যেগুলোর অবস্থান জানা ছিল, সেগুলোর কিছু স্রোতের কারণে সরে গেছে বা ভেসে গেছে।
বিশেষজ্ঞদের মতে, স্থলমাইনের মতোই সামুদ্রিক মাইন অপসারণ করা অত্যন্ত জটিল কাজ। এমনকি শক্তিশালী সামরিক সক্ষমতা থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের পক্ষেও এটি সহজ নয়। ফলে ইরানের জন্য দ্রুত মাইন সরানো আরও কঠিন হয়ে পড়েছে।
এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি দ্রুত ও নিরাপদভাবে খুলে দেওয়ার ওপর জোর দিয়েছেন। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি কারিগরি সীমাবদ্ধতার কথা উল্লেখ করে আংশিকভাবে জাহাজ চলাচলের ইঙ্গিত দিয়েছেন।
প্রসঙ্গত, গেল মাসে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পর ইরান ছোট নৌযান ব্যবহার করে প্রণালিতে মাইন পেতে দেয়। এর সঙ্গে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার হুমকি যুক্ত হওয়ায় তেলবাহী জাহাজসহ অধিকাংশ নৌ চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এতে বিশ্ববাজারে জ্বালানির দামও বেড়ে যায়।
তবে ইরান একটি সীমিত ‘নিরাপদ পথ’ খোলা রেখেছিল, যেখানে নির্দিষ্ট ফি দিয়ে জাহাজ চলাচলের সুযোগ ছিল। কিন্তু মার্কিন কর্মকর্তারা বলছেন, এসব পথ অত্যন্ত সীমিত এবং ঝুঁকিপূর্ণ।
এমএ//