তেল বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা আনতে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক করেছে সরকার। রোববার (০৭ এপ্রিল) থেকে রাজধানীর ৭টি ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের জন্য কিউআর কোডভিত্তিক মোবাইল অ্যাপ ‘ফুয়েল পাস’ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর উদ্যোগে পরীক্ষামূলকভাবে দুটি স্টেশনে কার্যক্রম শুরু হলেও গতকাল শনিবার আরও পাঁচটি স্টেশন যুক্ত করা হয়। এখন মোট সাতটি স্টেশনে মোটরসাইকেল চালকরা শুধু অ্যাপের মাধ্যমেই পেট্রোল ও অকটেন সংগ্রহ করতে পারছেন।
রাজধানীর যেসব ফিলিং স্টেশনে এই সেবা পাওয়া যাচ্ছে সেগুলো হলো— তেজগাঁও এলাকার ট্রাস্ট ফিলিং স্টেশন, আসাদগেটের সোনার বাংলা ও তালুকদার ফিলিং স্টেশন, মহাখালীর গুলশান সার্ভিস স্টেশন, শাহবাগের মেঘনা মডেল পাম্প, নিকুঞ্জ এলাকার নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার এবং কল্যাণপুরের খালেক সার্ভিস স্টেশন।
এর আগে জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানান, প্রথমে মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য এই ব্যবস্থা চালু করা হয়েছে। ধীরে ধীরে এটি রাজধানীর সব ফিলিং স্টেশনে বিস্তৃত করা হবে এবং পরবর্তীতে দেশব্যাপী চালুর উদ্যোগ নেওয়া হবে।
প্রসঙ্গত, ফুয়েল পাসের জন্য সরকার ইতোমধ্যে একটি ওয়েবসাইট চালু করেছে। আবেদনকারীদের চার ধাপে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। প্রথমে fuelpass.gov.bd ওয়েবসাইটে গিয়ে বিআরটিএর রেজিস্ট্রেশনকৃত গাড়ি ও মালিকের তথ্য দিতে হবে। যাচাই-বাছাইয়ের পর ফোনে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) আসবে। এটিকে সাবমিট করে অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য পূরণ করতে হবে।
আবেদনকারীর কাছে থাকতে হবে- জাতীয় পরিচয়পত্র (NID), গাড়ির ব্লু-বুক, ড্রাইভিং লাইসেন্স, সচল ফোন নম্বর ও পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
এমএ//