দেশজুড়ে

কৃষকের সংকট লাঘবে জলমহাল উন্মুক্ত করা হবে : লুৎফুজ্জামান বাবর

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা ৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর বলেছেন,  অকাল বন্যা ও প্রাকৃতিক কোনো দুর্যোগের কারণে ফসল হানি হলে হাওরের কৃষকরা আর্থিক সংকটে পড়ে। বোরো ফসলের পাশাপাশি হাওর এলাকায় মৎস্য ভান্ডার রয়েছে। ফসলহানি হলেও নিম্ন আয়ের কৃষকরা যাতে আর্থিক সংকট কিছুটা লাঘব হয় সেজন্য জলমহল গুলো উন্মুক্ত করা হবে।

রোববার (১২ এপ্রিল)  নেত্রকোনার  গোবিন্দশ্রী এলাকায় ফসলের মাঠে ধান কাটা উৎসবের উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন। এর আগে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মৎস্যজীবী সমিতির সদস্যদের সাথে মত বিনিময় করেন লুৎফুজ্জামান বাবর।

তিনি  বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকের বিষয়ে জিরো টলারেন্স। বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) মাদক কারবারি, দুর্নীতিবাজ, চাঁদাবাজের জায়গা নাই। আমি আগেও বলেছি, এখনও বলছি, দলের কেউ যদি মাদক বিক্রয় ও সেবনের সাথে জড়িত থাকে তাহলে তাদেরকেও উত্তম মাধ্যম দিয়ে প্রশাসনের হাতে তুলে দিবেন।মাদকসমাজকে ধ্বংস করে তাই মাদক সেবন এবং বিক্রয় থেকে বিরত থাকবেন।

পরিবারে নারীদের অবদান রাখার পরামর্শ দিয়ে বাবর আরও বলেন, আর্থিক প্রতিষ্ঠান এনজিও, ব্যাংক ও বীমা প্রতিষ্ঠান গুলো যেন নারীদেরকে সুদ মুক্ত ঋণ প্রদান করেন। যাতে ওই নারীরা পরিবারের সামলানোর পাশাপাশি কিছু হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া সহ গবাদি পশু লালন-পালন করে পরিবারের আর্থিকভাবে সহযোগিতা করে অবদান রাখতে পারেন। তারাও মানসিকভাবে প্রশান্তি পাবে এই ভেবে যে পরিবারের তিনিও স্বচ্ছলতার জন্য কিছু অবদান রাখতে পেরেছেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুর হাসান মিরাজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাসুদ করিম সিদ্দিকী, উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ সহ বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #লুৎফুজ্জামান বাবর