কয়েক ঘণ্টার ভারী বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে পড়েছে কুমিল্লা নগরীর বাসিন্দারা। বিশেষ করে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তির শেষ ছিল না। কয়েকটি পরীক্ষা কেন্দ্র হাঁটু সমান পানিতে ডুবে গেছে। এ অবস্থায় বেঞ্চের ওপরে পা তুলে পরীক্ষা দিতে দেখা যায় শিক্ষার্থীদের।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লার ঈশ্বর পাঠশালা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ চিত্র দেখা যায়। জেলা আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলায় ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সকালে শুরু হওয়া টানা বৃষ্টিতে নগরীর আদালত সড়ক, লাকসাম সড়ক সালাউদ্দিন মোড়, মনোহরপুর, মহিলা কলেজ রোড, রেইসকোর্স এলাকা, ঈদগাহ সড়ক, অশোকতলা, মগবাড়ি চৌমুনী, কালিয়াজুড়িসহ নগরীর প্রায় সব গুরুত্বপূর্ণ এলাকা ও সড়কগুলো পানিতে তলিয়ে যায়। এ ছাড়া কোথাও কোথাও বিভিন্ন বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানেও পানি ঢুকে যায়।
ঈশ্বর পাঠশালা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শেষে ছেলেকে নিয়ে বাসায় ফেরার পথে অভিভাবক হারুনুর রশিদ গণমাধ্যমকে বলেন, ‘পরীক্ষা শুরুর ২০ মিনিট পরই বিদ্যুৎ চলে যায়। এরপর মোমবাতি ও চার্জার লাইট দিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রে পানি ঢুকে যায়। এ অবস্থায় শিক্ষার্থীদের অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে লিখতে হয়েছে। কেউ কেউ বেঞ্চের ওপরে পা তুলে লিখেছে।’
নগরীর মগবাড়ি চৌমুনী এলাকার ব্যবসায়ী আবদুস সালাম বলেন, ‘বৃষ্টিতে দোকানে পানি ঢুকে সব ভিজে গেছে। সিটি করপোরেশন কর্তৃপক্ষের উচিত দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা এবং ভবিষ্যতে যেন বৃষ্টির পানি জমে জনদুর্ভোগ তৈরি না হয়, সে উদ্যোগ নেওয়া।’
তবে নগরীর বিভিন্ন স্থানে জমে থাকা পানি নিষ্কাশনে সিটি করপোরেশনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
আই/এ