জাতীয়

একজন শ্রমিক হিসেবে আপনাদের খাতায় নাম লিখাতে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একজন শ্রমিক হিসেবে আপনাদের খাতায় নাম লিখাতে চাই। আপনারা যেমন ইমরাত নির্মাণসহ নানাভাবে দেশ গড়ার কাজ করছেন, আপনাদের পাশে নিয়ে আমিও সেভাবে ভূমিকা রাখতে চাই। মন্ত্রিপরিষদের সদস্যদেরও শ্রমিকের খাতায় নাম লিখাতে বলবো।

শুক্রবার (১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মে দিবস উপলক্ষে শ্রমিক দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, আমরা যেই বাংলাদেশ গড়তে চাই, সে প্রত্যাশা অনুযায়ী সবাইকে এগিয়ে রাখতে হবে। এ সময় উপস্থিত সবাইকে শ্রমিক হিসেবে পরিচয় দেওয়ার জন্য হাত তুলে শপথ করান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, কথা একটাই দেশ গড়তে হবে।

প্রধানমন্ত্রী বলেন,  ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে ২০২৪ সালের ৫ আগস্ট এ দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে। বিগত এক যুগেরও বেশি সময় ধরে শুধু শ্রমিক, ছাত্র, শিক্ষক বা নারীরাই নন, বরং এ দেশের প্রতিটি খেটে খাওয়া মানুষকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। সেই বঞ্চনা আর শোষণের হাত থেকে মুক্তি পেতেই ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে এই স্বৈরাচারকে ক্ষমতাচ্যুত করেছে।

তিনি আরও বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে শহীদ শ্রমিক ভাইদের পাশাপাশি নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং গত জুলাই-আগস্টের ছাত্র-জনতার বিপ্লবে শ্রমিক দলের যে ৭২ জন সদস্য প্রাণ হারিয়েছেন, আজ এই দিনে আমি সেই সব বীর শহীদদের গভীর শ্রদ্ধারসঙ্গে স্মরণ করছি

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ শীর্ষ নেতারা।সমাবেশে অংশগ্রহণ করেন ঢাকাসহ আশাপাশের জেলার নেতাকর্মীরা।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #তারেক রহমান