জাতীয়

সিলেটে পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বায়ান্ন প্রতিবেদন

সিলেটের কাশিপুরে বাঁশিয়া নদীর পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) বেলা ১টা ২০ মিনিটে তিনি নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে এলাকাবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, কাশিপুর এলাকার এই খালটি ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে খনন করা হয়েছিল। পরবর্তীতে দীর্ঘ সময় ধরে এটি ভরাট হয়ে গিয়ে কার্যত বন্ধ হয়ে যায়। তিনি বলেন, এই খাল পুনরায় খনন করা হলে এলাকার কৃষি উৎপাদনে বড় পরিবর্তন আসবে।

তারেক রহমান জানান, এই খাল খননের ফলে প্রায় ৮০ হাজার কৃষক সরাসরি উপকৃত হবেন এবং পরোক্ষভাবে আরও প্রায় দেড় লক্ষ কৃষক লাভবান হবেন। পাশাপাশি খালের দুইপাশের জমিতে ফসল উৎপাদন বৃদ্ধি পেয়ে বছরে প্রায় ৭ হাজার মেট্রিক টন অতিরিক্ত উৎপাদন সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

জানা গেছে, সিলেট ও সুনামগঞ্জ জেলার পাঁচটি উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ বাঁশিয়া নদীটি বর্তমানে দখল, দূষণ ও পলি জমে ভরাট হয়ে বিপর্যস্ত অবস্থায় রয়েছে। সিলেট সদর উপজেলার মাশুকগঞ্জ বাজার এলাকায় সুরমা নদী থেকে উৎপত্তি হয়ে দক্ষিণ সুরমা, বিশ্বনাথ ও ওসমানীনগর হয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বরাক বিলে গিয়ে এটি মিলিত হয়েছে। তবে বর্ষাকালেও অনেক স্থানে নদীতে পানির প্রবাহ থাকে না বলে জানা যায়।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #সিলেট #তারেক রহমান #নদীর পুনঃখনন