আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ভেঙে পড়তে যাচ্ছে মমতার মসনদ!

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগণনা এক নাটকীয় মোড় নিয়ে এগিয়ে চলেছে। প্রাথমিক ফলাফলে শুরু থেকেই এগিয়ে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার গঠনের দৌড়ে শীর্ষ অবস্থানে রয়েছে বলে ইঙ্গিত মিলছে। আর এই সমীকরণের মধ্যেই ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে—ভেঙে পড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়’র মসনদের ভিত।

সর্বশেষ গণনার হিসাব অনুযায়ী, বিজেপি ১৮৭টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ১০৪টি আসনে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির সর্বশেষ তথ্যের ভিত্তিতে এই চিত্র পাওয়া গেছে। পাশাপাশি কংগ্রেস একটি এবং বাম জোটও একটি আসনে এগিয়ে রয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট আসন সংখ্যা ২৯৪টি। এর মধ্যে ২৯৩টি আসনের ফল আজ সোমবার ঘোষণা করা হচ্ছে। ফলতা আসনে ভোটগ্রহণ স্থগিত থাকায় সেখানে আগামী ২১ মে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮টি আসন।

ভারতের নির্বাচন কমিশনের পৃথক সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিজেপি ১০৪টি আসনে এবং তৃণমূল কংগ্রেস ৬০টি আসনে এগিয়ে রয়েছে বলে জানানো হয়েছে।

সকাল ৮টা থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাজ্যজুড়ে ভোট গণনা শুরু হয়। মোট ৭৭টি গণনাকেন্দ্রে এই কার্যক্রম চলছে। শুরুতে পোস্টাল ব্যালট গণনা সম্পন্ন করা হচ্ছে, এরপর ধাপে ধাপে ইভিএমের ভোট গণনা চলছে।

এই নির্বাচনের ফলাফল নিয়ে রাজ্যজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। কে ক্ষমতায় আসছে, তা পুরোপুরি পরিষ্কার হতে সময় লাগলেও দুপুর একটার মধ্যেই প্রাথমিক প্রবণতা স্পষ্ট হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। তবে কিছু কেন্দ্রে ফল ঘোষণা শেষ হতে রাত পর্যন্ত সময় লাগতে পারে।

এবারের নির্বাচন হয়েছে দুই দফায়। প্রথম দফা অনুষ্ঠিত হয় ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফা ২৯ এপ্রিল। প্রথম দফায় ভোটগ্রহণ হয়েছিল বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত জেলাগুলোতে, আর দ্বিতীয় দফায় ভোট হয়েছে তৃণমূলের প্রভাবশালী দক্ষিণবঙ্গে।

পশ্চিমবঙ্গের পাশাপাশি আজ আসাম, কেরালা, তামিলনাড়ু এবং পুদুচেরি বিধানসভা নির্বাচনের ভোটগণনাও চলছে। আসামে ১২৬টি, কেরালায় ১৪০টি, তামিলনাড়ুতে ২৩৪টি এবং পুদুচেরিতে ৩০টি আসনের ফল আগামীকাল জানা যাবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #পশ্চিমবঙ্গ #বিধানসভা নির্বাচন #ভারত #বিজেপি