পাইকারি বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। সংস্থাটি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে ১৭ থেকে সর্বোচ্চ ২১ শতাংশ পর্যন্ত দাম বৃদ্ধির আবেদন করেছে।
বুধবার (০৬ মে) বিইআরসির এক সদস্য গণমাধ্যমকে জানান, প্রস্তাবটি ইতোমধ্যে কমিশনে জমা পড়েছে এবং কারিগরি কমিটি তা পর্যালোচনা করছে। পর্যালোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
নতুন প্রস্তাব অনুযায়ী, দাম ১৭ থেকে ২১ শতাংশ বাড়লে প্রতি ইউনিটে অতিরিক্ত ১ টাকা ২০ পয়সা থেকে ১ টাকা ৪৮ পয়সা পর্যন্ত যোগ হতে পারে।
পিডিবির তথ্য অনুযায়ী, বর্তমান ট্যারিফে প্রতি ইউনিট ৫০ পয়সা বাড়ালে সরকারের ভর্তুকি কমবে প্রায় ৫ হাজার ২৪৪ কোটি টাকা। আর ১ টাকা বাড়ালে ভর্তুকি কমতে পারে ১০ হাজার ৪৮৯ কোটি টাকার বেশি। ১ টাকা ২০ পয়সা বাড়ালে এই সাশ্রয় দাঁড়াতে পারে প্রায় ১২ হাজার ৫৮৬ কোটি টাকায়।
এর আগে সর্বশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বিদ্যুতের দাম সমন্বয় করা হয়। তখন খুচরা পর্যায়ে ৮ দশমিক ৫ শতাংশ এবং পাইকারি পর্যায়ে ৫ শতাংশ দাম বাড়ানো হয়েছিল। ফলে পাইকারি বিদ্যুতের গড় মূল্য ইউনিটপ্রতি ৬ টাকা ৭০ পয়সা থেকে বেড়ে ৭ টাকা ৪ পয়সায় দাঁড়ায়।
এমএ//