ক্যাম্পাস

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগের বর্ণিল নবীনবরণ ‘সত্যান্বেষী’ অনুষ্ঠিত

বায়ান্ন প্রতিবেদন

সত্যের খোঁজে নতুন পথচলার শুরু—আলো, আবেগ আর সৃজনশীলতার এক উজ্জ্বল সমাবেশে রঙিন হয়ে উঠল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ। নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে আয়োজন করা হয় বর্ণাঢ্য নবীনবরণ অনুষ্ঠান “সত্যান্বেষী”।

বুধবার (০৬ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে অনুষ্ঠিত এ আয়োজনে ৮৫ ও ৮৬ ব্যাচের নবাগত শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানান ৮২, ৮৩ ও ৮৪তম ব্যাচের শিক্ষার্থীরা। দিনব্যাপী এ অনুষ্ঠানে ক্যাম্পাসজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ, যেখানে একসঙ্গে মিশে যায় হাসি, আনন্দ ও আবেগ।

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ এবং জাতীয় সংগীতের মধ্য দিয়ে। এরপর আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান উদ্বোধন করেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী আব্দুল মান্নান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ নাফে আস্-সাবের, রেজিস্ট্রার মো. আব্দুল মতিনসহ বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও সাবেক শিক্ষার্থীরা।

এবারের নবীনবরণের মূল প্রতিপাদ্য ছিল “মুখোশ”। সাংবাদিকতার মাধ্যমে আড়ালে থাকা সত্যকে উন্মোচনের বার্তা ধারণ করেই এই থিম নির্ধারণ করা হয়, যা অনুষ্ঠানের প্রতিটি পর্বে প্রতিফলিত হয়।

উদ্বোধনের পর নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন সিনিয়র ব্যাচের শিক্ষার্থীরা। প্রথম পর্বে মঞ্চে উঠে বর্তমান শিক্ষার্থীরা নাচ, গান, আবৃত্তি ও নাটিকা পরিবেশন করেন। সমসাময়িক মোবাইল সাংবাদিকতার নৈতিকতা নিয়ে নির্মিত “আটক” শিরোনামের নাটক দর্শকদের মধ্যে বিশেষ সাড়া ফেলে।

দ্বিতীয় পর্বে ব্যান্ড সংগীতের পরিবেশনায় অডিটোরিয়াম ভরে ওঠে সুরের আবেশে। সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা একসঙ্গে গান গেয়ে এবং নৃত্যে অংশ নিয়ে তৈরি করেন এক প্রাণবন্ত পরিবেশ।

সত্যের আলোয় আলোকিত হয়ে নবীন শিক্ষার্থীদের পথচলা আরও সমৃদ্ধ হবে— এই প্রত্যাশায় আনন্দ, আবেগ আর উচ্ছ্বাসের মধ্য দিয়ে শেষ হয় নবীনবরণ অনুষ্ঠান ‘সত্যান্বেষী’।

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #সত্যান্বেষী #স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় #নবীনবরণ অনুষ্ঠান #সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ