কুমিল্লার বুড়িচংয়ে মাদক ব্যবসার দ্বন্দ্বের জেরে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তিকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত এনামুল হক শিশির ওরফে মাহি (৩৫) বুড়িচং পৌরসভার পূর্ণমতি গ্রামের কামরুল হক ফরহাদের সন্তান। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৭ মে) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১৩ মে সকাল ৯টার দিকে বুড়িচং পৌরসভার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে সিএনজি স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে মাহির শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় একই সম্প্রদায়ের জহিরুল ইসলাম আপন ওরফে জহির। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মাহিকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
স্থানীয়দের দাবি, ওই এলাকার সরকারি জায়গায় কয়েকজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি ঘর নির্মাণ করে বসবাস করতেন। তাদের মধ্যে কেউ কেউ মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। নিহত মাহিও এর আগে মাদকসহ গ্রেফতার হয়ে কারাভোগ করেছেন। সম্প্রতি মাদকের টাকার ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে।
নিহত মাহির শ্বাসনালীসহ শরীরের প্রায় ৪৪ শতাংশ পুড়ে গিয়েছিলো বলে চিকিৎসকরা জানিয়েছে।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন বলে পুলিশ জানিয়েছে।
আই/এ