রাজশাহীতে মোটরশ্রমিক ইউনিয়নের কমিটি গঠনকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে দূরপাল্লা ও আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াত করা যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
সোমবার (১৮ মে) সকাল সাড়ে আটটার দিকে শ্রমিকদের একটি অংশ হঠাৎ করেই বাস চলাচল বন্ধ করে দেয়। এরপর থেকে রাজশাহীর কোনো রুটেই বাস চলাচল স্বাভাবিক হয়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন গত রোববার রাজশাহী জেলা মোটরশ্রমিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা করে। ২১ সদস্যের ওই কমিটিতে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি এবং মোমিনুল ইসলাম মোমিনকে সাধারণ সম্পাদক করা হয়। নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন না হওয়ায় শ্রমিকদের একাংশ এ সিদ্ধান্তের বিরোধিতা করে আন্দোলনে নামেন এবং বাস চলাচল বন্ধ করে দেন।
আন্দোলনকারীদের দাবি, ঘোষিত কমিটি বাতিল করে তিন মাস মেয়াদি একটি আহ্বায়ক কমিটি গঠন করতে হবে এবং পরে নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করতে হবে।
এর আগে ২৩ এপ্রিল ইউনিয়ন অফিসের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহীর শিরোইল এলাকায় দুই পক্ষের শ্রমিকদের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় টার্মিনাল সংলগ্ন কয়েকটি দোকানেও ভাঙচুর করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফেডারেশন সমঝোতার ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করে।
এদিকে হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ যাত্রীরা বিপাকে পড়েছেন। অনেকেই টিকিট কেটে এসে বাস না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। যাত্রীদের অভিযোগ, শ্রমিকদের অভ্যন্তরীণ বিরোধের কারণে তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
এসি//