কক্সবাজারের টেকনাফে পুলিশ পরিচয়ে অপহৃত ৭০ বছর বয়সি বৃদ্ধ আলী হোছেন তিন দিন পর সুস্থ অবস্থায় বাড়ি ফিরেছেন। পরিবারের দাবি, মুক্তিপণ হিসেবে ৪ লাখ টাকা দেওয়ার পর সোমবার (১৮ মে) সন্ধ্যায় তাকে ছেড়ে দেওয়া হয়।
পরিবারের সদস্যরা জানায়, গেল ১৬ মে গভীর রাতে একদল সশস্ত্র ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে আলী হোছেনের বাড়িতে প্রবেশ করে। পরে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরই অজ্ঞাত স্থান থেকে ফোন করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়।
চাপ ও ভয়ভীতির মুখে পরিবার শেষ পর্যন্ত ৪ লাখ টাকা পরিশোধ করে। এরপরই তাকে মুক্তি দেওয়া হয় বলে দাবি করা হয়েছে।
আলী হোছেনের ছোট ভাই সৈয়দ আহমদ জানান, রাতের অন্ধকারে অস্ত্রধারীরা বাড়িতে ঢুকে তাকে জোর করে নিয়ে যায় এবং পরে ফোনে টাকা চাওয়া হয়।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের অভিযোগ, টেকনাফের পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে অপহরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন তারা।
বাহারছড়া তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. আবু সাঈদ জানান, আলী হোছেন বর্তমানে সুস্থ আছেন এবং নিজ বাড়িতে ফিরে গেছেন। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। তবে মুক্তিপণ আদায়ের বিষয়ে পুলিশের কাছে এখনো নির্দিষ্ট কোনো তথ্য নেই বলে তিনি জানান।
এমএ//