জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর পুশইনের চেষ্টার ঘটনায় আলোচনায় আসা মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ ষষ্টি চন্দ্র বর্মন (৬৫) অবশেষে উদ্ধার করা হয়েছে। দীর্ঘ প্রায় ২৪ ঘণ্টা তিনি সীমান্তের শূন্যরেখা বা নো ম্যানস ল্যান্ডে অবস্থান করার পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাকে হেফাজতে নেয় এবং পরে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করে। তার পরিবারের সদস্যরা ইতোমধ্যে থানায় আসছেন বলে জানিয়েছে বিজিবি।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ১০৮২ নম্বর আন্তর্জাতিক পিলারের সামনে নো ম্যানস ল্যান্ড এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এরপর তাকে নিরাপত্তার স্বার্থে থানায় নিয়ে যাওয়া হয়।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ষষ্টি চন্দ্র বর্মন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চাঁন্দলাই গ্রামের বাসিন্দা। সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করেন এবং বিজিবির সঙ্গে যোগাযোগ করেন। পরে পরিচয় নিশ্চিত হওয়ার পর সীমান্ত এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
এর আগে কামালপুর সীমান্তে ওই বৃদ্ধকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা, বিজিবি এবং বিএসএফের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। দীর্ঘ সময় ধরে নো ম্যানস ল্যান্ডে অবস্থানের পর অবশেষে তাকে উদ্ধার করা সম্ভব হয়।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন জানান, বৃদ্ধকে থানায় রাখা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসি//