বাংলাদেশিসহ কাতারে বসবাসরত সব প্রবাসীর জন্য রেসিডেন্স পারমিট বা আকামা বাতিলের নিয়মে পরিবর্তন এনেছে দেশটির সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো প্রবাসীর আকামা বাতিল হলে বাতিলের তারিখ থেকে ১৪ দিনের মধ্যে তাকে কাতার ত্যাগ করতে হবে। নির্ধারিত সময়ের পর অবস্থান করলে প্রতিদিন জরিমানা দিতে হবে।
বুধবার (১৭ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ আয়োজিত নিরাপদ ভ্রমণবিষয়ক এক ওয়েবিনারে নতুন নিয়মের কথা জানান বিমানবন্দর পাসপোর্ট বিভাগের কর্মকর্তা ক্যাপ্টেন আলি আহমেদ আলি আল কুয়ারি।
তিনি জানান, আগে রেসিডেন্স পারমিট বাতিলের পর প্রবাসীদের দেশ ছাড়ার জন্য ৩০ দিনের অতিরিক্ত সময় দেওয়া হতো। নতুন নিয়মে সেই সময় কমিয়ে ১৪ দিন করা হয়েছে।
ক্যাপ্টেন আল কুয়ারি সতর্ক করে বলেন, আকামা বাতিলের পর নির্ধারিত ১৪ দিনের বেশি কাতারে অবস্থান করলে প্রতি অতিরিক্ত দিনের জন্য ১০ কাতারি রিয়াল জরিমানা দিতে হবে।
ওয়েবিনারে ভিজিট ভিসাধারীদেরও সতর্ক করা হয়। কাতারে প্রবেশের সময় পাসপোর্টে দেওয়া ভিসা স্ট্যাম্পে ভিসার মেয়াদ ও অবস্থানের সময়সীমা ভালোভাবে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। ভিজিট ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও কেউ কাতারে অবস্থান করলে প্রতিদিন ২০০ কাতারি রিয়াল জরিমানা গুনতে হবে।
ভ্রমণের আগে নিজের আইনি অবস্থান যাচাই করতে প্রবাসীদের ‘মেতরাশ’ মোবাইল অ্যাপ ব্যবহারের পরামর্শ দিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অ্যাপটির মাধ্যমে কাতার ছাড়ার আগে কোনো ট্রাফিক জরিমানা, অতিরিক্ত অবস্থানের জরিমানা বা ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে কি না, তা জানা যাবে।
এছাড়া নতুন পাসপোর্টে রেসিডেন্স পারমিট বা আকামা স্থানান্তরের প্রক্রিয়াও এখন মেতরাশ অ্যাপের মাধ্যমে সম্পন্ন করা যাবে। এজন্য প্রবাসীদের সরকারি দপ্তরে যেতে হবে না বলে জানিয়েছে কাতার কর্তৃপক্ষ।
এমএ//