দেশজুড়ে

হাজিরা দিতে এসে আদালতেই আসামির মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় আদালতে মামলার হাজিরা দিতে এসে ময়নুল হক নামে ৫৯ বছর বয়সি এক আসামির মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) দুপুরে পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দোতলায় এ ঘটনা ঘটে।

ময়নুল হক জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের বারো আউলিয়া এলাকার বাসিন্দা। জমি-সংক্রান্ত একটি মামলার প্রধান আসামি হিসেবে তিনি আদালতে হাজিরা দিতে এসেছিলেন।

আদালত-সংশ্লিষ্টরা জানান, দুপুরে আদালতের বারান্দায় একটি বেঞ্চে তাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন উপস্থিত লোকজন। পরে জানা যায়, তিনি মারা গেছেন। তবে তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।

নিহতের মামলার আইনজীবী আনোয়ারুল ইসলাম বলেন, জমি-সংক্রান্ত মামলার হাজিরার জন্য ময়নুল আদালতে এসেছিলেন। তবে বিচারপতি পরিদর্শনে আসায় ওইদিন আদালত বসেনি। কিছু সময় তিনি এজলাসের ভেতরে বসেছিলেন এবং সেখানে একবার বমি করেন। পরে বাইরে এসে বেঞ্চে বসেন।

তিনি আরও বলেন, ময়নুল কোনো অসুস্থতার কথা জানাননি। স্বাভাবিকভাবেই মাথায় হাত দিয়ে শুয়ে ছিলেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে কাছে গিয়ে দেখা যায়, তিনি মারা গেছেন। পরে পুলিশ ও তার পরিবারকে খবর দেওয়া হয়।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা দীপেন্দ্রনাথ সিংহ বলেন, দুপুরে লাঞ্চে যাওয়ার সময় তাকে ডাকাডাকি করা হয়। পরে লোকজন কাছে গিয়ে দেখেন, তিনি মারা গেছেন।

ময়নুল হকের ভাতিজা ফয়সাল কবির জানান, তার চাচার তেমন কোনো অসুস্থতা ছিল না। মামলার তারিখ থাকায় তিনি নিজেই মোটরসাইকেল চালিয়ে আদালতে যান। হঠাৎ পরিবারের কাছে তার মৃত্যুর খবর আসে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা চলমান ছিল বলেও জানান তিনি।

পঞ্চগড় আদালতের পরিদর্শক খান মো. শাহরিয়ার বলেন, বেঞ্চে শুয়ে থাকা অবস্থায় ময়নুলের কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়। তবে ঘটনাস্থলে উপস্থিত অনেকে জানান, আদালত প্রাঙ্গণেই তার মৃত্যু হয়েছে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. সুমন কুমার বণিক বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হলে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত বলা যাবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #পঞ্চগড় #আদালত #আদালতে মৃত্যু