টাঙ্গাইলের মির্জাপুরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। উপজেলার জামুর্কী এলাকায় প্রায় আধাঘণ্টা ধরে চলা এ কর্মসূচিতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং দুর্ভোগে পড়েন যাত্রীরা।
রোববার (২৮ জুন) দুপুরে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানান, মহাসড়কের অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
অবরোধে অংশ নেন দেলদুয়ার উপজেলার ডুবাইল, নাটিয়াপাড়া, সেহড়াতৈল, ইসলামপুর ও পড়াইখালি এবং মির্জাপুর উপজেলার মহেরা, জামুর্কী ও পাকুল্লা এলাকার শতাধিক বাসিন্দা।
বিক্ষোভকারীদের অভিযোগ, গত দুই মাস ধরে মির্জাপুরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ও অতিরিক্ত লোডশেডিংয়ে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দিন-রাতে ১৬ থেকে ১৮ ঘণ্টাই বিদ্যুৎ মিলছে না। শিক্ষার্থীদের পড়াশোনা, ব্যবসা-বাণিজ্য এবং দৈনন্দিন কর্মকাণ্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার অভিযোগ জানিয়েও তারা কোনো কার্যকর সমাধান পাননি। তাই বাধ্য হয়ে মহাসড়ক অবরোধের মতো কর্মসূচি নিতে হয়েছে।
খবর পেয়ে পুলিশের পাশপাশি বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারাও ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করেন। এ সময় দ্রুত সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেন। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
অবরোধ প্রত্যাহারের পর হুঁশিয়ারি দিয়ে আন্দোলনকারীরা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
পি/ডি