জাতীয়

মুস্তাফা মনোয়ারের জানাজা মঙ্গলবার, শেষ শ্রদ্ধা শহীদ মিনারে

বায়ান্ন প্রতিবেদন

একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি চিত্রশিল্পী ও নির্মাতা মুস্তাফা মনোয়ারের জানাজা আগামীকাল মঙ্গলবার (৩০ জুন) অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার ছেলে সাদাত মনোয়ার।

সোমবার (২৯ জুন) বেলা ১১টার দিকে হাসপাতালে তিনি জানান, জানাজার পর মুস্তাফা মনোয়ারের মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় শহীদ মিনারে নেওয়া হবে। আজ মরদেহ পরিবারের কাছে রাখা হবে। পরে বনানী কবরস্থানে তাকে দাফনের ইচ্ছার কথা জানিয়েছে পরিবার।

এর আগে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুস্তাফা মনোয়ার। দীর্ঘদিন ধরে ফুসফুসে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ ও নিউমোনিয়ার জটিলতায় ভুগছিলেন তিনি। গত ১৪ জুন গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

১৯৩৫ সালে মাগুরায় জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার। তিনি ছিলেন প্রখ্যাত কবি গোলাম মোস্তফার সন্তান। চিত্রকলার পাশাপাশি টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ এবং বিশেষ করে বাংলাদেশে পাপেট বা পুতুলনাচের শিল্পকে জনপ্রিয় ও সমৃদ্ধ করতে তার অবদান অনন্য।

শিল্প ও সংস্কৃতি অঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তিনি একুশে পদকে ভূষিত হন। তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #মুস্তাফা মনোয়ার #জানাজা