বাংলাদেশি নাগরিকদের জন্য দীর্ঘদিন পর আবারও পর্যটন (ট্যুরিস্ট) ভিসার আবেদন গ্রহণ শুরু করেছে ভারত। রোববার (২৮ জুন) থেকে দেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক)-এ আবেদন প্রক্রিয়া চালু করা হয়।
সোমবার (২৯ জুন) থেকে আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়।
আবেদন গ্রহণের প্রথম দিনে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভ্যাকে দীর্ঘ লাইন দেখা গেছে। তবে ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু হওয়ায় অনেক আবেদনকারী সন্তোষ প্রকাশ করেছেন।
এর আগে বৃহস্পতিবার (২৫ জুন) যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শনকালে বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর ঘোষণা দেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে নিয়মিত ভিসা ইস্যু স্থগিত করেছিল ভারত। এরপর সীমিত পরিসরে মেডিকেল, ব্যবসা ও শিক্ষার্থী ভিসা চালু থাকলেও পর্যটন ভিসা বন্ধ ছিল।
নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দায়িত্ব নেওয়ার পর সেই স্থবিরতা কাটিয়ে প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার আইভ্যাক কেন্দ্রে পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য কেন্দ্রেও এ সেবা চালু করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পি/ডি