রাজধানীর আদাবরে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় স্থানীয় বিএনপি নেতা বাদশা মিয়া নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মো. সাদ্দাম হোসেন নামের আরেক বিএনপি নেতা।
বুধবার (১ জুলাই) রাতে আদাবরের নবোদয় হাউজিং এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৯ জুন) রাতে ব্রাজিল ও জাপানের ফুটবল ম্যাচ দেখা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এক পক্ষে ছিলেন নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক বাদশা মিয়া। অপর পক্ষে ছিলেন একই এলাকার রিপন ও পারভেজ।
বিরোধ মেটাতে বুধবার সন্ধ্যায় উভয় পক্ষ সালিশে বসে। তবে দীর্ঘ আলোচনার পরও কোনো সমাধান না হওয়ায় সাদ্দাম ও বাদশা মিয়া রাত ৮টার দিকে সেখান থেকে চলে যান। পথে তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে দুজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বাদশা মিয়ার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ওসি জানান, নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক বাদশা মিয়া মারা গেছেন। সভাপতি সাদ্দাম হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পি/ডি