নারায়ণগঞ্জের ফতুল্লায় এক বাড়িতে সাদা পোশাকে মাদকবিরোধী অভিযান চালানোর সময় দুই সোর্স এবং ফতুল্লা মডেল থানার এসআই খাইরুল বাশার ও কনেস্টবল আরিফুল ইসলাম নামে দুই পুলিশ সদস্যকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (০২ জুলাই) সন্ধ্যায় ফতুল্লার জামতলা ধোপাপট্রি এলাকায় একটি বাড়িতে নামে পরিচিত বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন, ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় সাদা পোশাকে এসআই খাইরুল বাশার ও কনেস্টবল আরিফুল ইসলাম দুজন সোর্সকে সঙ্গে নিয়ে অভিযান চালানোর সময় কনেস্টবল আরিফুল ইসলাম আলমারির ড্রয়ার থেকে সোনার একটি চেইন তার পকেটে নিয়ে নেয়। এ সময় বাড়ির লোকজন পরিচয়পত্র দেখতে চাইলে তারা দেখাতে পারেনি।
বাড়ির লোকজন চিৎকার করলে আশপাশের মানুষ তাদের ঘরে গিয়ে ৪ জনকে গণপিটুনী দেয়। এরপর জরুরি নাম্বারে থানায় ফোন করলে পুলিশ গিয়ে ৪ জনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে এক বাড়ি থেকে ৪ জনকে উদ্ধার করা হয়েছে। যার বাড়িতে এ ঘটনা ঘটেছে তাদের থানায় আসতে বলা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আর/আই