মাদারীপুরের শিবচরে বেপরোয়া গতিতে আসা একটি কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত হয়েছেন। নিহতরা হলেন- মোড়লকান্দি এলাকার খায়রুল মাদবরের স্ত্রী রিমি বেগম (৩৫) ও হারুন মাদবরের মেয়ে আয়শা আক্তার (৯)। এ ঘটনায় ভ্যানচালকসহ নিহত আয়শার মা ও আহত হয়েছেন।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে উপজেলার দ্বিতীয়াখণ্ড ইউনিয়নের মোড়লকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, দুপুরে পাশের গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াত খেতে যাচ্ছিলেন তারা। এ সময় দ্বিতীয়াখণ্ড ইউনিয়নের মোড়লকান্দি মোড়ে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে তাদের বহনকারী ভ্যানের ধাক্কা লাগে। এতে ভ্যানটি ছিটকে পড়ে গুরুতর আহত হন যাত্রীরা।
পরে তাদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রিমি ও আয়শাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় কাভার্ড ভ্যান চালক পালিয়ে গেলেও, পুলিশ গাড়িটি জব্দ করেছে।
আই/এ