আন্তর্জাতিক

মার্কিন হামলায় ৩০ বেসামরিক নাগরিক নিহতের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত ফাইল ছবি

দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি।

বুধবার (১৫ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ফাতেমেহ মোহাজেরানি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি বলেন, “শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানাই। আমরা নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই।”

তিনি আরও বলেন, “সরকার সর্বশক্তি দিয়ে জনগণের পাশে থাকবে। ইরানের দক্ষিণাঞ্চল এই দেশের স্পন্দিত হৃদয়।”

এদিকে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, ইরানশাহরের বামপুর গ্যারিসনে মার্কিন হামলায় সাত সেনাসদস্য নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

তাসনিম নিউজ এজেন্সির বরাতে সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ৩৮৮তম ব্রিগেডের ব্যারাকে ১৩টি মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হামলায় অতিথিশালা, প্রহরী পোস্ট এবং সেনাদের আবাসন লক্ষ্যবস্তু করা হয়।

বিবৃতিতে এ হামলাকে “কাপুরুষোচিত আগ্রাসন” উল্লেখ করে বলা হয়, “উপযুক্ত সময়ে এই অপরাধের জবাবে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে।”

সেনাবাহিনীর দাবি, আগে থেকেই নেওয়া প্রতিরক্ষামূলক ব্যবস্থার কারণে হতাহতের সংখ্যা আরও বেশি হওয়া থেকে রক্ষা পাওয়া গেছে।

অন্যদিকে, ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার বরাতে বুশেহরের গভর্নর মোহাম্মদ মোজাফারি জানিয়েছেন, মঙ্গলবার সকালে মার্কিন বাহিনী বন্দরনগরী বুশেহরের চারটি স্থানে হামলা চালিয়েছে।

তিনি বলেন, ওই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে উদ্ধারকারী সংস্থাগুলো সতর্ক অবস্থায় রয়েছে এবং শহরের পরিস্থিতি শান্ত রয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #দক্ষিণ ইরান #যুক্তরাষ্ট্র #ইরান #ক্ষেপণাস্ত্র হামলা