অ্যাম্বুল্যান্স, অগ্নিনির্বাপক ও রাষ্ট্রীয় জরুরি কাজে ব্যবহৃত যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার কিংবা অন্যান্য অননুমোদিত হর্ন ব্যবহার করা যাবে না বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে সংস্থাটি।
গত ২১ জুলাই জারি করা এক বিজ্ঞপ্তির তথ্য সোমবার (৩ আগস্ট) প্রকাশ করেছে বিআরটিএ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর ৮১ নম্বর বিধি অনুযায়ী অ্যাম্বুল্যান্স, অগ্নিনির্বাপক বা উদ্ধারকাজে ব্যবহৃত মোটরযান এবং রাষ্ট্রীয় জরুরি দায়িত্বে নিয়োজিত একই ধরনের যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে বিভিন্ন সুরের বহুমুখী হর্ন কিংবা তীব্র, কর্কশ, আকস্মিক, বিকট বা ভীতিকর শব্দ সৃষ্টি করে—এমন হর্ন বা যন্ত্র স্থাপন, পুনঃস্থাপন এবং ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
বিআরটিএ জানিয়েছে, এ ধরনের অননুমোদিত হর্ন জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পাশাপাশি এসব হর্ন চালকদের বেপরোয়া ও অতিরিক্ত গতিতে গাড়ি চালাতে উৎসাহিত করে, ফলে সড়ক দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যায়।
সম্প্রতি বিভিন্ন মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার ও অন্যান্য অননুমোদিত হর্ন ব্যবহারের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে, যা প্রচলিত আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
এ পরিস্থিতিতে জরুরি সেবায় নিয়োজিত যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে হাইড্রোলিক হর্ন, হুটার, বিভিন্ন সুরের বহুমুখী হর্ন এবং তীব্র বা বিকট শব্দ সৃষ্টি করে—এমন অননুমোদিত হর্ন বা যন্ত্র স্থাপন, পুনঃস্থাপন ও ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিআরটিএ।
সংস্থাটি আরও জানিয়েছে, এ নির্দেশনা অমান্য করে অননুমোদিত হর্ন ব্যবহার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এসি//