যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমের একটি বিমানবন্দরে সাত ঘণ্টার বেশি সময় ধরে আটকে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো-ঢাকা রুটের একটি বিমান। এতে বিমানের ভেতরে আটকা পড়েছেন ২৬০ জন যাত্রী।
শুক্রবার (৮ আগস্ট) নিয়মিত জ্বালানি নেওয়ার সময় ইতালির স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
জানা গেছে, বিমানের বিজি ৩০৬ ফ্লাইটটি গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। ইতালিতে অবতরণের পর যাত্রীদের জানানো হয়, উড়োজাহাজটিতে প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে এবং মেরামতের প্রয়োজন রয়েছে।
ঢাকায় আসার আগে ইতালিতে জ্বালানি নেওয়ার জন্য ফ্লাইটটির নির্ধারিত বিরতি ছিল।
বিমানের জনসংযোগ শাখার এক কর্মকর্তা জানান, ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটির কারণে গ্রাউন্ডেড হয়েছে। অবতরণের পর এর কারিগরি পরীক্ষা শুরু হয়। প্রাথমিক পরিদর্শনের পর কর্তৃপক্ষ বিমানটিকে গ্রাউন্ডেড ঘোষণা করে।
ফ্লাইটে থাকা যাত্রীদের জন্য বিকল্প ফ্লাইট, আবাসন ও খাবারের ব্যবস্থা করতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কাজ করছে বলেও জানান তিনি।
আই/এ