লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ে বাড়িতে খাবার নিয়ে মারামারি ঘটনায় ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনের পরিচয় পাওতা গেছে, তারা হলেন- বেলাল হোসেন, শাহিনুর, ইয়াসিন, শাহ আলম পাটওয়ারীসহ অন্তত ১০ জন।
শুক্রবার (৭ জুলাই) বিকেলে রায়পুর পৌরসভা উত্তর কেরোয়া এলাকায় মন্ত্রী পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, শাহ আলম পাটওয়ারীর মেয়ে নাজমার সঙ্গে রায়পুর উপজেলার কলাকোপা এলাকার খলিলুর রহমানের ছেলে মুক্তার হোসেনের সাথে ৩ লাখ টাকার দেনমোহরে বিয়ে হয়।
বিয়ের পর সবাই খাবার খেতে বসলে একপর্যায়ে বরের বড় ভাইয়ের সাথে খাবার নিয়ে কনে পক্ষের বাকবিতণ্ডা ও কথাকাটাকাটির একপর্যায়ে বর উঠে বাঁশ-লাঠিসোঁটা খুঁজতে থাকে হামলা করার জন্য। এ নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এরমধ্যে ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
কনের বাবা শাহ আলম পাটওয়ারী জানান, হঠাৎ করে বরের ভাই খবার নিয়ে প্রশ্ন তোলে। এ নিয়ে কথা বাড়াবাড়ির একপর্যায়ে বরও ক্ষিপ্ত হয়ে উঠে। পরে মারামারির ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মামুনুর রশিদ জানান, মারামারির ঘটনায় ৩ জনকে হাসপাতালে আনা হয়েছে। দুইজন চিকিৎসা নিয়েছেন। অন্য একজনকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আব্দুল মান্নান জানান, ঘটনাটি আমার জানা নেই। কেউ আমাদেরকে জানায়নি। অভিযোগ পেলে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।
আর/আই