পঞ্চগড় সদর উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা বাংলাদেশি এক প্রবীণকে আটক করে নিয়ে যাওয়ার তিন দিনের মাথায় বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়া দীপঙ্কর গোপ নামের এক ভারতীয়কে ধরে আটকে রাখেন স্থানীয় বাসিন্দারা। বাংলাদেশি নাগরিককে মুক্তি না দেওয়া পর্যন্ত ভারতীয় ওই যুবককেও ছাড়া হবে না বলে জানান তারা।
গত রোববার (৯ আগস্ট) বিকেলে সদর উপজেলার মাগুরমারী সীমান্তে বিজিবি ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক শেষে দীপঙ্কর গোপকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কুমার শীল বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, পঞ্চগড় জেলার বোদা উপজেলার বিরাজোত সীমান্ত এলাকায় প্রায় ৮০ বছর বয়সী তমিজ উদ্দিন নামে এক বাংলাদেশিকে আটক করে নিয়ে যায় বিএসএফ। এ ঘটনার তিন দিন পর সীমান্তে এক ভারতীয় যুবককে সন্দেহভাজন অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় বাসিন্দারা তাকে আটকে রাখেন। সে সময় গ্রামবাসী হুঁশিয়ারি দেন, অপহৃত বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত ওই ভারতীয় যুবককে ছাড়া হবে না।

এদিকে তমিজ উদ্দিনের স্বজনরা জানান, বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তমিজ উদ্দিন। বিএসএফ আটক করার পর ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তারা জানতে পেরেছেন। বিজিবির মাধ্যমে তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।
ওসি কুমার শীল জানান, ভারতীয় নাগরিক আটকের খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ভারতীয় ঐ যুবককে নিজেদের হেফাজতে নেন। সীমান্তে অনুপ্রবেশের মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার (১০ আগস্ট) তাকে কোর্টে তোলা হলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
আর/আই