সিলেট নগরীর একটি বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সকালে নগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকার একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকাল ৯টার দিকে মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহত তিনজনের মধ্যে রয়েছেন ওই বাসার বাসিন্দা হাজী আব্দুস সত্তার মিয়া, তার স্ত্রী এবং গৃহপরিচারিকা।
নিহতরা হলেন—আব্দুস সত্তার মিয়া (৮২) , তার স্ত্রী (৭২) এবং ২৫ বছর বয়সী গৃহপরিচারিকা। স্থানীয়ভাবে আব্দুস সত্তার মিয়া এলাকার একজন মুরুব্বি হিসেবে পরিচিত ছিলেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, হত্যাকাণ্ডের খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. মঈনুল জাকিরও স্থানীয়দের কাছ থেকে তিনজনের মরদেহ উদ্ধারের খবর পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
তিনজনের মৃত্যুর কারণ এবং ঘটনাটি হত্যাকাণ্ড কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত জানা যাবে।
এসি//