এক ছাদের নিচে থেকেও কখনো কখনো দুজন মানুষ হয়ে পড়েন দুই ভুবনের বাসিন্দা। মাঝখানে থাকে শুধু একটি মুঠোফোনের পর্দা। একসময় দিনের শেষে প্রিয় মানুষটির সঙ্গে একটু কথা বলার জন্য ব্যাকুল হয়ে থাকতেন দুজন। সারাদিনের ক্লান্তি, আনন্দ, অভিমান কিংবা ছোট্ট কোনো গল্প ভাগ করে নেওয়াই ছিল একান্ত সময়ের অংশ। এখন সেই সময়টুকুর বড় একটি অংশ দখল করে নিয়েছে মুঠোফোন। সকালের নাশতার টেবিল থেকে রাতের শোবার ঘর—সবখানেই যেন নীরবে জায়গা করে নিয়েছে ভার্চুয়াল জগৎ।
প্রযুক্তি দূরের মানুষকে কাছে আনার সুযোগ তৈরি করেছে ঠিকই, কিন্তু অতিরিক্ত ব্যবহারে কখনো কখনো পাশে থাকা মানুষটির সঙ্গই হয়ে উঠছে দূরের। আপনি যদি প্রিয়জনের সান্নিধ্য, মুখের দুটি ভালো কথা কিংবা একটুখানি হাসির বদলে ফোনের স্ক্রিনে সময় কাটাতে পছন্দ করতে শুরু করেন, তাহলে তা হয়ে উঠবে আপনাদের সম্পর্কের জন্য রেড সিগন্যাল।
জেনে নিন ফোন কীভাবে আপনাদের সম্পর্ক নষ্ট করে দিতে পারে-
কথোপকথনের চেয়ে ফোন বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠা
দিন শেষে ঘরে ফিরে সঙ্গীর সঙ্গে কথা বলার বদলে যদি প্রথমেই ফোন হাতে নেওয়ার অভ্যাস তৈরি হয়, তাহলে ধীরে ধীরে কমতে পারে দুজনের মানসিক যোগাযোগ। পাশাপাশি বসে থেকেও একজন সামাজিক যোগাযোগমাধ্যমে, অন্যজন কোনো ভিডিও কিংবা বার্তায় ব্যস্ত—এমন দৃশ্য নিয়মিত হতে থাকলে সম্পর্কের স্বাভাবিক কথাবার্তাগুলো হারিয়ে যেতে পারে।
অথচ সম্পর্কের ভিত তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট কথোপকথনে। দিন কেমন গেল, কী নিয়ে ব্যস্ত ছিলেন কিংবা কোনো বিষয় নিয়ে কেমন অনুভব করছেন—এসব সাধারণ আলাপই দুজনকে কাছাকাছি রাখে। সেই কথাগুলো কমতে থাকলে অজান্তেই তৈরি হয় মানসিক দূরত্ব।
কথা বলার সময়ও চোখ ফোনের পর্দায়
আপনি হয়তো সঙ্গীর সঙ্গে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে কথা বলছেন। তিনি হয়তো দিনের কোনো আনন্দের খবর কিংবা নিজের কোনো চিন্তার কথা জানাচ্ছেন। কিন্তু আপনার চোখ তখনও আটকে আছে ফোনের পর্দায়।
এমন আচরণ বারবার ঘটতে থাকলে সঙ্গীর মনে উপেক্ষিত হওয়ার অনুভূতি তৈরি হওয়া স্বাভাবিক। একসময় মনে হতে পারে, তার কথা বা উপস্থিতির চেয়ে ফোনই আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এই অনুভূতি জমতে জমতে তৈরি করতে পারে বিরক্তি, অভিমান এবং সম্পর্কের দূরত্ব।
প্রতিটি নীরব মুহূর্ত ফোনে হারিয়ে যাওয়া
একসঙ্গে চুপচাপ বসে থাকাও সম্পর্কের সুন্দর একটি অংশ। সব সময় কথা বলার প্রয়োজন নেই। কখনো পাশাপাশি বসে থাকা, একে অপরের উপস্থিতি অনুভব করা কিংবা নীরবতাটুকু ভাগ করে নেওয়াও সম্পর্ককে গভীর করে।
কিন্তু প্রতিটি অবসর মুহূর্ত যদি ফোনের পর্দা স্ক্রল করেই কেটে যায়, তাহলে একই ঘরে থেকেও দুজন আলাদা জগতে চলে যান। একটু পরপর বিজ্ঞপ্তি দেখা, সামাজিক যোগাযোগমাধ্যম খোলা কিংবা অকারণে ফোন ঘাঁটার অভ্যাস ধীরে ধীরে কেড়ে নেয় একান্ত সময়টুকু।
ফোন ব্যবহার নিয়ে শুরু হয় ঝগড়া
সঙ্গী কি প্রায়ই অভিযোগ করেন, ‘তুমি সব সময় ফোন নিয়ে থাকো’? কিংবা আপনিও কি একই অভিযোগ করছেন? ফোন ব্যবহারের সময় নিয়ে যদি নিয়মিত তর্ক-বিতর্ক শুরু হয়, তাহলে বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা দরকার।
কারণ এখানে মূল সমস্যা শুধু কত ঘণ্টা ফোন ব্যবহার করা হচ্ছে, তা নয়। এর পেছনে থাকতে পারে উপেক্ষিত হওয়ার কষ্ট, আগের মতো মনোযোগ না পাওয়ার অভিমান কিংবা সঙ্গীর কাছ থেকে মানসিকভাবে দূরে সরে যাওয়ার অনুভূতি। একসময় ফোনটিই সেই জমে থাকা হতাশা ও অভিমানের দৃশ্যমান কারণ হয়ে ওঠে।
প্রিয়জনের চেয়ে অপরিচিতদের খবর বেশি জানা
আপনার সঙ্গী ইদানীং কী নিয়ে চিন্তিত, কোন বিষয়টির জন্য অপেক্ষা করছেন কিংবা সাম্প্রতিক সময়ে কী তাকে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে—এসব হয়তো আপনার অজানা। অথচ কোনো তারকা কার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, পুরোনো বন্ধুর নতুন পোস্ট কী কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে কে কী করছেন, সেসব খবর আপনার জানা।
একবার নিজেকেই প্রশ্ন করুন—আপনার সবচেয়ে কাছের মানুষটির বর্তমান জীবন সম্পর্কে আপনি কতটা জানেন?
প্রিয়জনের অনুভূতি ও জীবনের খবরের চেয়ে যখন অপরিচিত মানুষের জীবন বেশি গুরুত্ব পেতে শুরু করে, তখন সম্পর্কের অগ্রাধিকার নিয়েও প্রশ্ন ওঠে। তাই ফোন ছেড়ে দেওয়ার কথা নয়; বরং প্রয়োজন ব্যবহারের ভারসাম্য ফিরিয়ে আনা।
কারণ দিনের শেষে ফোনের পর্দায় যত মানুষই থাকুক, আপনার পাশে থাকা মানুষটির সঙ্গে চোখে চোখ রেখে বলা কয়েকটি কথা, ভাগ করে নেওয়া একটি হাসি কিংবা সামান্য অভিমান—এসবের কোনো বিকল্প ভার্চুয়াল জগৎ দিতে পারে না।
এসি//