মেহেরপুর পৌর শহরের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে বৈদ্যুতিক তারে ঝুলন্ত অবস্থায় বোমাসদৃশ তিনটি সন্দেহজনক বস্তু উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) ভোরে মেহেরপুর বিশ্ববিদ্যালয় ভবনের সামনে বৈদ্যুতিক তারে ঝুলতে থাকা একটি সন্দেহজনক বস্তু স্থানীয়দের নজরে আসে। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে লোকজন জড়ো হন। পরে মেহেরপুর সদর থানা পুলিশ সেখানে গিয়ে বস্তুটি উদ্ধার করে।
এর কিছুক্ষণ পর শহরের গুরুত্বপূর্ণ কোর্ট মোড় চত্বর থেকেও একই ধরনের আরেকটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়।
পরে সোনালী ব্যাংক ও সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনের মধ্যবর্তী এলাকায় বৈদ্যুতিক তারে ঝুলন্ত অবস্থায় আরও একটি একই ধরনের বস্তু দেখতে পান স্থানীয়রা।
স্থানীয়দের মতে, উদ্ধার হওয়া বস্তুগুলো দেখতে অনেকটা সাউন্ড বক্সের মতো। সাবেক জনপ্রশাসনমন্ত্রীর বাসভবনের সামনে ঝুলিয়ে রাখা বস্তুটি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণও শোনা যাচ্ছিল।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, উদ্ধার করা বস্তুগুলো পানিভর্তি বালতিতে সংরক্ষণ করে থানায় নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে এগুলো ব্যাটারিচালিত অটোরিকশার সাউন্ড বক্সের মতো মনে হচ্ছে।
তিনি জানান, ঘটনাস্থলগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। কারা, কী উদ্দেশ্যে এসব বস্তু বৈদ্যুতিক তারে ঝুলিয়ে রেখেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
এসি//