রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকায় শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শনিবার (১৫ আগস্ট) সরেজমিনে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। সকাল থেকে সেখানে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে ফুল দিতে আসতে দেখা যায়নি।
ধানমন্ডি ৩২ নম্বরের প্রবেশপথে ব্যারিকেড বসানো হয়েছে। ব্যারিকেডের ভেতরে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। পাশাপাশি একটি জলকামানও প্রস্তুত রাখা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে তা নিয়ন্ত্রণে প্রস্তুতির অংশ হিসেবে জলকামানটি রাখা হয়েছে বলে জানা গেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, এখন পর্যন্ত এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সাধারণ মানুষের চলাচল ও প্রবেশের ওপরও বাড়তি নজরদারি রয়েছে। ধানমন্ডি ৩২ নম্বরে সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর বিভিন্ন সময়ে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি ভবনটি ভেঙে ফেলা হয়।
এরপর থেকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় সাধারণ মানুষের প্রবেশ কিছুটা নিয়ন্ত্রিত রয়েছে। এ বছর ১৫ আগস্টকে ঘিরে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
এআর//