রাজধানী

পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৫ জন গ্রেপ্তার

রাজধানীর উত্তরায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের থেকে ডাকাতি হওয়া টাকাসহ অস্ত্র, গুলি ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপি জানায়, বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে ডাকাতির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।  

তবে গ্রেপ্তারকৃতদের নাম পরিচয় জানতে চাইলে পুলিশ তাদের পরিচয় প্রকাশ করেনি। এ বিষয়ে আজ শনিবার সংবাদ সম্মেলন করা হবে বলে জানিয়েছে ডিএমপি।

এর আগে, গেল ৯ আগস্ট সকালে উত্তরায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে তিনটি মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত টাকা বহনকারী গাড়ির গতিরোধ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় তারা।

এ ঘটনার পর বিমানবন্দর থানায় মামলা করা হয়। এরপর ঘটনাটির তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক  ইউনিট কাজ শুরু করে।

 

এআর// 

এ সম্পর্কিত আরও পড়ুন #রাজধানী #ডাকাতি #ছিনতাই