তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, পতিত সরকারের রেখে যাওয়া ধ্বংসস্তূপ পুনর্গঠন করে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘প্ল্যান’ বাস্তবায়নের উপযোগী করার কাজ করছে সরকার। প্রথম ১৮০ দিনে রাষ্ট্রযন্ত্রের প্রতিটি অঙ্গ মেরামতের কাজ চলছে। জনগণের কাছ থেকে আমরা ১ হাজার ৮২৫ দিনের ম্যান্ডেট পেয়েছি। তার মধ্যে মাত্র ১৮০ দিনের জন্য আজ জবাবদিহি করতে বসেছি।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের ৬ মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, কী পরিমাণ ধ্বংসস্তূপ থাকলে মানুষের এত ক্ষোভ থাকতে পারে যে ফ্যাসিবাদ পালাতে বাধ্য হয়? আমাদের এখনকার পুরো পরিকল্পনাটিই হলো এই ধ্বংসস্তূপকে পরিকল্পনামাফিক পুনর্গঠনের কাজে নিয়ে যাওয়া। আমরা এখন সেই পর্বটিই অতিক্রম করছি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেছেন, মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষা ছিল রাজনীতিতে গুণগত পরিবর্তন হবে। বর্তমান সরকার সে পরিবর্তন এনেছে। বিশেষ করে দীর্ঘদিনের প্রচলিত ব্যক্তি-বন্দনার রাজনীতি থেকে বর্তমান সরকার পুরোপুরি বেরিয়ে এসেছে। অথচ অতীতে অনুষ্ঠানে কেউ এলে তাকে নিয়ে বন্দনা করতে করতে ১০-১৫ মিনিট সময় ব্যয় করা হতো। বর্তমান সরকার এই স্তুতির রাজনীতি থেকে বেরিয়ে এসে একটি নতুন ধারার সূচনা করেছে।
তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর হাম ও রুবেলার টিকা নিয়ে যে একটি অসহনীয় অবস্থা তৈরি হয়েছিল, তার দায় এই সরকারের ছিল না। তারপরও প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে সন্তান ও স্বজনহারা শোকাহত পরিবারগুলোর কাছে দুঃখ প্রকাশ করেছেন। কারণ, সরকার রাষ্ট্রক্ষমতায় থাকলে নাগরিকদের প্রতি তার দায়দায়িত্ব থাকে। রাজনীতিতে এই জবাবদিহি ও দায়বদ্ধতার সংস্কৃতি একটি বড় সফলতা।
তিনি আরও বলেন, সারা বিশ্বেই নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম ১০০ দিনকে ‘হানিমুন পিরিয়ড’ বলা হয়। কিন্তু কোনও একটি সরকারি পরিকল্পনা বাস্তবায়ন করে তার প্রাথমিক ফলাফল পেতে অন্তত ছয় মাস সময় লাগে।
আই/এ