দেশজুড়ে

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে আন্দোলনরত শ্রমিকদের উপর যুবদল নেতার হামলা, আহত-১২

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রে আন্দোলনরত শ্রমিকদের উপর ইউনিয়ন যুবদল সভাপতির  নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে এতে নৌযান শ্রমিক ইউনিয়নের ১২ সদস্য আহত হয়েছেন।  এদের মধ্যে গুরুতর আহত রেজাউল প্যাদা (৪০), হীরন প্যাদা (৩৫), ইমাম প্যাদা (৩০), খোকন (২৫) ও হাসান (২০) নামের ৫ জনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট)  বিকেলে তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটি সংলগ্ন বটতলা বাজারে এঘটনা ঘটে।

আহত শ্রমিকরা জানায়, মঙ্গলবার বেলা এগারোটা থেকে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রে জাহাজের মালামাল বোঝাই ও খালাস কার্যক্রমে সরকার নিবন্ধিত সংগঠন পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সদস্যদের অন্তর্ভুক্ত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

বিকেল তিনটার দিকে কলাপাড়া থানা পুলিশের মধ্যস্থতায় তারা সাময়িকভাবে আন্দোলন স্থগিত করেন।  পরে তারা বিচ্ছিন্ন ভাবে বটতলা বাজারেই অবস্থান করছিলেন।

শ্রমিকদের অভিযোগ, বিকেল সাড়ে পাঁচটার দিকে ধানখালী ইউনিয়ন যুবদলের সভাপতি তপন মৃধার নেতৃত্বে ৭ থেকে ৮ জন লাঠিসোটা নিয়ে তাদের উপর অতর্কিতভাবে হামলা চালায়।  পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে।

ধানখালী ইউনিয়ন যুবদলের সভাপতি তপন মৃধা অভিযোগ অস্বিকার করে বলেন, ঘটনাস্থলে প্রশাসনের লোকজন ছিল।  তারা যদি বলে সে মারধরে জড়িত ছিলো তাহলে সে অপরাধী।   তার দাবি মারধরের পর ঘটনা শুনে তিনি সেখানে গিয়েছিলেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলো আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন #তাপ বিদ্যুৎ কেন্দ্র #শ্রমিক