আন্তর্জাতিক

রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণে ৬ চীনা নাগরিকসহ নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার পূর্বাঞ্চলীয় আমুর অঞ্চলে নির্মাণাধীন একটি গ্যাস-রাসায়নিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জন চীনের নাগরিক। এ ছাড়া আগুনের পর থেকে আরও নয়জন শ্রমিক নিখোঁজ রয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) কমপ্লেক্স কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডে মোট ১৫২ জন আহত ও দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসকদের পরামর্শে ৩৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য দূরবর্তী বিশেষায়িত হাসপাতালে নেওয়ার প্রস্তুতিও নেওয়া হয়েছে। এ জন্য একটি জরুরি উদ্ধারকারী বিমান ও চিকিৎসক দল ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে।

আমুর গ্যাস-রাসায়নিক কমপ্লেক্সটি রাশিয়ার শিল্পপ্রতিষ্ঠান সিবুর ও চীনের রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস কোম্পানি সিনোপেকের যৌথ অর্থায়নে নির্মাণ করা হচ্ছে। পলিথিন ও পলিপ্রোপিলিন উৎপাদনের বিশ্বের অন্যতম বড় কেন্দ্র হিসেবে প্রকল্পটি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

তবে কমপ্লেক্সটিতে এখনো আনুষ্ঠানিকভাবে উৎপাদন শুরু হয়নি। দ্রুত উৎপাদন কার্যক্রম চালুর প্রস্তুতি চলছিল। রাশিয়ার বড় অবকাঠামো প্রকল্পগুলোতে বিপুলসংখ্যক বিদেশি, বিশেষ করে চীনা শ্রমিক নিয়মিত কাজ করেন।

অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ঘটনাটি তদন্তে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে রাশিয়ার তদন্ত কমিটি। শিল্প নিরাপত্তা বিধি যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না এবং আগুনের প্রকৃত কারণ কী—তা খতিয়ে দেখা হচ্ছে।

পুরোদমে চালু হলে আমুর গ্যাস-রাসায়নিক কমপ্লেক্স থেকে বছরে প্রায় ২৩ লাখ টন পলিথিন এবং ৪ লাখ টন পলিপ্রোপিলিন উৎপাদনের সক্ষমতা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #রাশিয়া #চীনের নাগরিক #নিহত