রাজধানী

সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে শিক্ষিকার মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ২

বায়ান্ন প্রতিবেদন

রাজধানীতে ছিনতাইয়ের সময় স্কুলশিক্ষিকা নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলার মূল সন্দেহভাজন মো. পনি ওরফে প্যারা পনিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ ঘটনায় তার এক সহযোগীকেও আটক করা হয়েছে। ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করেছে র‌্যাব।

রোববার (৩০ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় র‌্যাব-২ ব্যাটালিয়ন সদর দপ্তরে সংবাদ ব্রিফিংয়ে গ্রেপ্তার ও মামলার বিষয়ে বিস্তারিত জানানো হবে। র‌্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান ব্রিফিংয়ে উপস্থিত থাকবেন।

এর আগে শনিবার (২৯ আগস্ট) চোখের চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে বগুড়া থেকে ঢাকায় আসেন বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিনা পারভীন। সংসদ ভবন এলাকায় রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলে থাকা দুই ছিনতাইকারী তার হাতে থাকা ব্যাগ টান দিয়ে নেওয়ার চেষ্টা করে।

ছিনতাইকারীদের টানাহেঁচড়ার একপর্যায়ে রিকশা থেকে ছিটকে সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পান ৫৫ বছর বয়সী রনজিনা পারভীন। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত শিক্ষিকার স্বামী বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। সেই মামলার তদন্তে প্রধান সন্দেহভাজন হিসেবে পনি ওরফে প্যারা পনির নাম সামনে আসে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #সংসদ ভবন #স্কুলশিক্ষিকা #নিহত #ছিনতাই