বিনোদন

১৯ বছরের ছোট প্রেমিকে মজেছেন মালাইকা!

বিনোদন ডেস্ক

বলিউডে মালাইকা আরোরা মানেই আলোচনার কেন্দ্রবিন্দু। পর্দায় তার নাচ যেমন দর্শকের নজর কাড়ে, তেমনি ব্যক্তিগত জীবন নিয়েও বছরজুড়ে থাকে নানা কৌতূহল। অর্জুন কাপুরের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে যাওয়ার পর এবার নতুন করে হীরা ব্যবসায়ী হর্ষ মেহতার সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন।

একান্ন বছর বয়সী মালাইকা বলিউডে আইটেম গানের অন্যতম পরিচিত মুখ। ‘মুন্নি বদনাম হুয়ি’ কিংবা ‘ছাইয়া ছাইয়া’র মতো গানে তার নাচ আজও দর্শকের মনে আলাদা জায়গা করে আছে। আইটেম গানকে নিজের স্বতন্ত্র পরিচয়ের অংশ বানিয়ে বলিউডে শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি।

তবে অভিনয় ও নাচের পাশাপাশি মালাইকার ব্যক্তিগত জীবনও বরাবরই আলোচনায়। অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে দীর্ঘদিন লিভ-ইন সম্পর্কে ছিলেন তিনি। ২০২৪ সালের মে মাসের শেষ দিকে তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার খবর ছড়িয়ে পড়ে। এরপরই হীরা ব্যবসায়ী হর্ষ মেহতার সঙ্গে মালাইকার নাম জড়াতে শুরু করে।

সম্প্রতি একটি নৈশভোজকে কেন্দ্র করে সেই গুঞ্জন আবারও সামনে এসেছে।

বলিউড বাবলের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৯ আগস্ট মুম্বাইয়ের বান্দ্রার একটি জনপ্রিয় রেস্তোরাঁয় একসঙ্গে নৈশভোজ করতে দেখা যায় মালাইকা ও হর্ষকে। পরে তারা একই সঙ্গে রেস্তোরাঁ থেকে বেরিয়ে আসেন। এ সময় পাপারাজ্জিদের ক্যামেরায়ও ধরা পড়েন দুজন।

অবশ্য এই প্রথম নয়, এর আগেও একাধিক ঘটনায় তাদের ঘিরে সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে। গত বছর একটি কনসার্টে হর্ষের সঙ্গে মালাইকার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

এরপর ইতালির রোমে একসঙ্গে ঘোরাঘুরির খবরও সামনে আসে। ‘স্প্লিটসভিলা’খ্যাত সৌরভ বেদির আয়োজিত একটি পার্টিতেও তাদের একসঙ্গে দেখা যায়। সেই অনুষ্ঠানের ছবি প্রকাশ্যে আসার পর তাদের সম্পর্ক নিয়ে জল্পনা আরও বাড়ে।

মালাইকার পরিবারের আয়োজিত ওনাম উৎসবেও হর্ষ মেহতার উপস্থিতি নজর কাড়ে। একের পর এক ঘটনায় দুজনকে ঘিরে প্রেমের গুঞ্জন জোরালো হলেও এখন পর্যন্ত এ বিষয়ে প্রকাশ্যে কিছু জানাননি মালাইকা। ফলে তাদের সম্পর্কের প্রকৃত অবস্থান নিয়ে কৌতূহল রয়েই গেছে।

হর্ষ মেহতা মালাইকার চেয়ে ১৯ বছরের ছোট। বয়সের এই ব্যবধান নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা। তবে এসব গুঞ্জনের বিষয়ে এখনো নীরব মালাইকা।

এর আগে ১৯৯৮ সালে অভিনেতা আরবাজ খানের সঙ্গে বিয়ে হয় মালাইকার। দীর্ঘ ১৮ বছরের দাম্পত্যের পর ২০১৬ সালে তারা বিবাহবিচ্ছেদের আবেদন করেন। পরের বছর, ২০১৭ সালের মে মাসে মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালতে তাদের বিচ্ছেদ চূড়ান্ত হয়। সাবেক এই দম্পতির একমাত্র সন্তান আরহান খান।

বিচ্ছেদের পর আর বিয়ের বন্ধনে জড়াননি মালাইকা। তবে অর্জুন কাপুরের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কে ছিলেন তিনি। সেই অধ্যায়ের পর এবার হর্ষ মেহতাকে ঘিরে নতুন গুঞ্জন—শেষ পর্যন্ত যা সত্যি, তা জানতে অপেক্ষা করতে হচ্ছে মালাইকার ভক্তদেরই।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #মালাইকা আরোরা #বলিউড #অর্জুন কাপুর